পাসের হার ও জিপিএ-৫—দুটিতেই এগিয়ে মেয়েরা

পাসের হার ও জিপিএ-৫—দুটিতেই এগিয়ে মেয়েরা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের একটিতেও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা মেয়েদের ছাড়িয়ে যেতে পারেনি।

এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র।

দেশের ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রদের ৫৭ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ, ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ৮ দশমিক ৮২ শতাংশ বেশি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ, আর ছেলেদের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশের বিপরীতে মেয়েদের ৫৯ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৫১ দশমিক ১৪ শতাংশ এবং মেয়েদের ৬৭ দশমিক ৮৪ শতাংশ।

অর্থাৎ, পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এ বছর ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *