পেছনের দরজা দিয়ে বিএনপি কখনো ক্ষমতায় আসেনি: খায়রুল কবির খোকন

পেছনের দরজা দিয়ে বিএনপি কখনো ক্ষমতায় আসেনি: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হলো, জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায়নি। এই বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখের মণি দিয়ে শহীদ জিয়াউর রহমান স্পন্দিত হচ্ছেন। এই জিয়াউর রহমানের নাম কেউ মুছতে পারবে না।

শনিবার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির আয়োজনে শিশু একাডেমিতে স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

খায়রুল কবির খোকন আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ কতটা শক্তিশালী, তা বিভিন্ন নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। দেশের সংকটময় মুহূর্তে একমাত্র এই জিয়া পরিবারই নেতৃত্ব দিয়েছে। সর্বশেষ ২৬-এর নির্বাচনে দেশের জনগণ তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছে। পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এটা পরীক্ষিত ও প্রমাণিত।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, অ্যাড. বাছেদ, আকবর হোসেন, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, হারুন অর রশিদ, দ্বীন মোহাম্মদ দিপু, রবিউল ইসলাম রবি সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

এর আগে বিকালে চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার উদ্যোগে স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চিনিশপুর ২ নম্বর ওয়ার্ডের আয়োজনে দোয়া মাহফিল, গণভোজ ও বৃক্ষরোপণ করা হয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *