প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট নিবন্ধন ২১ হাজার ছাড়াল

প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট নিবন্ধন ২১ হাজার ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২১ হাজারের বেশি বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এই তথ্য পাওয়া যায়।

ইসির তথ্য অনুযায়ী, প্রথম দফায় পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। অ্যাপ চালুর পর থেকে আজ দুপুর পর্যন্ত এসব অঞ্চলের ২১ হাজার ৪৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ১৯ হাজার ১৬৪ জন এবং নারী এক হাজার ৮৮৩ জন।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে পোস্টাল ভোটিংয়ের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশের সময়সূচিও ঘোষণা করে ইসি।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান,
১৯–২৩ নভেম্বর: পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা;
২৪–২৮ নভেম্বর: উত্তর আমেরিকা ও ওশেনিয়া;
২১ নভেম্বর–৩ ডিসেম্বর: ইউরোপ;
৪–৮ ডিসেম্বর: সৌদি আরব;
৯–১৩ ডিসেম্বর: দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া;
১৪–১৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ—এসব অঞ্চলের প্রবাসীরা পর্যায়ক্রমে নিবন্ধন করতে পারবেন।

কীভাবে মিলবে পোস্টাল ব্যালট

ইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসী ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট দিতে চান সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। Google Play Store বা App Store থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড ও নির্দেশনা অনুসরণ করতে হবে। বিদেশে ব্যালট পৌঁছানোর নিশ্চয়তার জন্য নির্ভুল ঠিকানা দেওয়ার পরামর্শ দিয়েছে ইসি।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *