ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা
মো. মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলায় প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) উৎপাদনে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের অস্বচ্ছ, অপরিষ্কার ও ফুড গ্রেডবিহীন ড্রিংকিং ওয়াটারের জার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুর সদর উপজেলার আলীপুর এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই, ফরিদপুরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাসান ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানের উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন-২০১৮-এর ১৬ ও ৩১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অস্বচ্ছ, অপরিষ্কার ও ফুড গ্রেডবিহীন ড্রিংকিং ওয়াটারের জার জব্দ করে ধ্বংস করা হয়।
অন্যদিকে, একই এলাকার একুইয়া ডিএস ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানের উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের জন্য বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় একই আইনের ১৬ ও ৩১ ধারায় আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল সুলতানার নেতৃত্বে পরিচালিত হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক উপস্থিত ছিলেন।
বিএসটিআই, ফরিদপুর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মানহীন ও অননুমোদিত পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
