বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়তে পারে বৃষ্টি; কমবে তাপপ্রবাহ

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়তে পারে বৃষ্টি; কমবে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে এবং সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি ১৭ দশমিক ৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। বর্তমানে এটি পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় রয়েছে।

আগামী ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামীকাল বাড়তে পারে বৃষ্টি

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

কমতে পারে তাপমাত্রা

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে এসব এলাকার কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এদিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *