বাংলাদেশে আর ভয়ের সংস্কৃতি আনতে দেবো না: জামায়াত আমির

বাংলাদেশে আর ভয়ের সংস্কৃতি আনতে দেবো না: জামায়াত আমির

দেশে আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার যে কোনো প্রচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টো রোডে সর্বস্তরের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে ভয়ের সংস্কৃতি ফিরে আসুক—এটা কেউ চায় না। কেউ যদি আবারও সেই সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে, তিনি যেই হোন না কেন, সবাই মিলে তা প্রতিহত করা হবে।

তিনি বলেন, একটি বৈষম্যমুক্ত, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঈদযাত্রায় মানুষের দুর্ভোগের কথাও উল্লেখ করেন বিরোধী দলীয় এই নেতা। তিনি বলেন, বিভিন্ন কারণে এবারের ঈদযাত্রায় মানুষ ভোগান্তিতে পড়েছে। ভবিষ্যতে যাতে দুর্নীতি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা না হয়, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, কুরআন ও রমজানের শিক্ষা ধারণ করে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আল্লাহভীতির ভিত্তিতে এমন একটি সমাজ প্রতিষ্ঠার কথা বলেন, যেখানে মানুষ মানুষকে ভয় না করে ভালোবাসা ও সম্মানের সঙ্গে বসবাস করবে।

বিশ্বে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি না থাকলে আরও ভালো হতো। অনেক দেশ আজ সংঘাতে ক্ষতিগ্রস্ত। যুদ্ধ কখনো স্থায়ী সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া সকালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছে দিতে চান তারা—যেখানে হিংসা, সংঘাত ও যুদ্ধ থাকবে না।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *