বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও থাইল্যান্ড

বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও থাইল্যান্ড

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদির সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, রপ্তানি-আমদানি নিষ্পত্তি প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার সম্ভাব্য উপায়গুলো খতিয়ে দেখা হয়। এছাড়া প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যকে কীভাবে আরও গতিশীল করা যায়, সে বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

আলোচনায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়।

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের সুযোগ দেওয়ায় থাইল্যান্ড সরকার এবং ব্যাংক অব থাইল্যান্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠক পারস্পরিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *