বিকল্প পথে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
পাবনা প্রতিনিধি
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। তবে এবার প্রচলিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে বিকল্প পথে নেওয়া হয়েছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় তিনটি লরিতে করে পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়। এ সময় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া এবং পাকশীর লালন শাহ সেতু হয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রূপপুরে নেওয়া হয়। ইউরেনিয়াম পরিবহনে এই প্রথম বিকল্প রুট ব্যবহার করা হলো।
পুরো ঢাকা-ঈশ্বরদী সড়কপথে গাড়িবহরের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর আগে প্রতিবারই ইউরেনিয়ামবাহী গাড়িবহর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে প্রকল্প এলাকায় পৌঁছাত।
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস জানান, গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে নিরাপত্তাজনিত কারণে এবার প্রথমবারের মতো বিকল্প পথে পারমাণবিক জ্বালানি প্রকল্পে আনা হয়েছে।
এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটিসহ মোট পাঁচটি ইউরেনিয়ামের চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এদিকে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটে ইতোমধ্যে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
