বিতর্কিত মন্তব্যে শ্রীলঙ্কার কোচকে ৫০০ ডলার জরিমানা
স্পোর্টস ডেস্ক
রেফারিং ও দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) নিয়ে বিতর্কিত মন্তব্য করায় শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরিকে ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে সাফ। একই সঙ্গে তাঁকে সতর্কও করা হয়েছে। সাফের ডিসিপ্লিনারি কমিটির অনলাইন সভায় শৃঙ্খলাভঙ্গের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রীলঙ্কার কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি ভুটানের বিপক্ষে ড্রয়ের পর সাফের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তাঁর দাবি ছিল, স্বাগতিক দেশ সব সময় সাফে বাড়তি সুবিধা পায়। এ ছাড়া বাণিজ্যিক স্বার্থে সাফ বাংলাদেশ ও ভারতকে ফাইনালে দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য ছিল, এমন হলে অন্য দেশগুলোর টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রয়োজন নেই।
এসব মন্তব্যের পর মুতাইরিকে কারণ দর্শানোর নোটিশ দেয় সাফ। বিষয়টি পরে ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হয়।
বাংলাদেশের বিপক্ষে ৪ গোলে হারের পরও সাফের চিঠি ও সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মুতাইরি। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাফ ও আরব অঞ্চলের কোচদের নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে সাফে আর কাজ করবেন না বলেও জানান।
গত ১১ নভেম্বর রাতে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। এরপর দলটি বাংলাদেশ ত্যাগ করে।
টুর্নামেন্টের কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে মুতাইরিকে জরিমানা ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাঁকে জরিমানার অর্থ সাফের কাছে জমা দিতে হবে। তিনি অর্থ পরিশোধ না করলে দায় বর্তাবে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের ওপর। ফেডারেশনও জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সাফ টুর্নামেন্টের ব্যয়ের সঙ্গে তা সমন্বয় করবে।
ফিফা ও এএফসি তাদের শৃঙ্খলাসংক্রান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেও সাফ এখনো এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
