বিমান থেকে সিজেপির তিন শীর্ষ নেতাকে আটক করল দিল্লি পুলিশ

বিমান থেকে সিজেপির তিন শীর্ষ নেতাকে আটক করল দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতাকে উড়োজাহাজ থেকে আটক করেছে পুলিশ। আটক নেতারা হলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে নয়াদিল্লিগামী তাঁদের উড়োজাহাজটি দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই পুলিশ সদস্যরা বিমানের ভেতরে প্রবেশ করে তাঁদের আটক করেন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টায় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল সিজেপি। তবে দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি। পুলিশের অনুমতি না পেলেও নির্ধারিত সময়েই বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল দলটি।

কর্মসূচিতে যোগ দিতেই মুম্বাই থেকে উড়োজাহাজে দিল্লি যাচ্ছিলেন অভিজিৎ, সৌরভ ও আশুতোষ। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাঁদের বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে। এর পরপরই তাঁদের আটক করা হয়।

আটকের পুরো ঘটনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করেন অভিজিৎ দীপকে। তাঁর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের একটি দল বিমানের ভেতরে প্রবেশ করে তিন নেতাকে আটক করছে। এ সময় পুলিশের সঙ্গে সিজেপি সদস্যদের তর্ক-বিতর্ক হয়।

ভিডিওতে অভিজিৎকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, তাঁরা বিমান থেকে নেমে আসা পর্যন্ত পুলিশ অপেক্ষা করতে পারত। একই সঙ্গে তিনি বলেন, তাঁদের গ্রেপ্তার করতে এলে তাঁরা ভয় পান না।

তিন নেতাকে আটকের পর এক বিবৃতিতে সিজেপি এ ঘটনাকে ‘স্বৈরাচারী কায়দায় আটক’ বলে অভিহিত করেছে। দলটির দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই নেতাদের আটকের মাধ্যমে কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে সিজেপি বলেছে, চলাফেরার স্বাধীনতার এমন লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে তারা। একই সঙ্গে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি।

এর আগে শনিবার সকালে ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনি শাখার প্রধান রত্না সিংহকেও তাঁদের বাড়ি থেকে আটক করা হয়। বিক্ষোভে তাঁদের অংশগ্রহণ ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দিল্লি ও আশপাশের এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া দিল্লির ৪৫টি মেট্রোস্টেশন বন্ধ, আড়াই শতাধিক ট্রেন বাতিল এবং সড়কে চলাচলকারী যানবাহনে ব্যাপক তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে।

সূত্র: এনডিটিভি

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *