বৃষ্টিতে আবারও চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা কেজি

বৃষ্টিতে আবারও চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা কেজি

নিজস্ব প্রতিবেদক

কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে বাড়তি দামে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন, প্রতি কেজি ১৪০ টাকা। অন্যদিকে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা।

বাজারে বর্তমানে প্রতি কেজি পটল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা ৮০ টাকা, ধুন্দুল ৮০ টাকা ও চিচিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গোল বেগুন ১৪০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া করলা ৮০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, কচু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা ও ঢ্যাঁড়স ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায়।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান বলেন, ‘আজ বাজার করতে এসে দেখছি সবজির দাম বেশ বাড়তি। প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম দামে পাওয়া গেলেও আজ দাম বেশি।’

রামপুরা বাজারের সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজারে সবজির দামও বেড়েছে। ফলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

তিনি বলেন, ‘আজ সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন, প্রতি কেজি ১৪০ টাকা। আর পেঁপে পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে, ৩০ টাকা কেজি। বৃষ্টি থেমে গেলে বাজারে সরবরাহ বাড়বে এবং তখন সবজির দামও কিছুটা কমে আসতে পারে।’

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *