ময়মনসিংহে একদিনে ট্রেনে দুই বিপত্তি, ঘণ্টার পর ঘণ্টা রেল চলাচল ব্যাহত

ময়মনসিংহে একদিনে ট্রেনে দুই বিপত্তি, ঘণ্টার পর ঘণ্টা রেল চলাচল ব্যাহত

ময়মনসিংহে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক ঘটনায় রেল যোগাযোগে বিঘœ ঘটেছে। প্রথমে গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আঠারবাড়ি এলাকায় বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সংযোগকারী হুক ছিঁড়ে যায়। ফলে ইঞ্জিন থেকে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছুদূর যাওয়ার পর চালক বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিনটি ফিরিয়ে আনেন।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে কারিগরি কর্মীরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ইঞ্জিন ও বগির পুনঃসংযোগ সম্পন্ন করেন। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাের ঘটনা ঘটে। আগুন থেকে ধোঁয়া সৃষ্টি হওয়ার পর ইঞ্জিনটি বিকল হয়ে যায় এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে এবং দ্রুত ট্রেনটি গন্তব্যের উদ্দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, একই দিনে দুটি পৃথক ঘটনায় সাময়িকভাবে রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং রেল চলাচল সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *