ময়মনসিংহে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

ময়মনসিংহে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা এলাকার মনতলা সমিতিঘর সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে।

ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকের চালক, সহকারী এবং অটোরিকশার চালক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যানবাহনই দ্রুতগতিতে চলছিল, যার কারণে এ ভয়াবহ সংঘর্ষ ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *