ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ বাইপাস সড়কে রাজীব পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বাইপাস সড়কের পূর্ব গন্দ্রপা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস গন্দ্রপা এলাকায় পৌঁছালে মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
