ময়মনসিংহে মাহিন্দ্রা-সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মাহিন্দ্রা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে গেছে ইউনাইটেড পরিবহনের একটি বাস। এতে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দুটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
বাসের এক যাত্রী বৃষ্টি আক্তার বলেন, হঠাৎ বাসের চালক অজ্ঞান হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও পারেননি।
মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশে প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়।
ত্রিশাল থানার এএসআই আব্দুল হালিম বলেন, ডিউটিরত অবস্থায় কাজীর শিমলা এলাকায় পৌঁছে ইউনাইটেড পরিবহনের বাস, সিএনজি ও মাহিন্দ্রার সংঘর্ষ দেখতে পান। এতে বাসটি উল্টে যায় এবং কয়েকজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপারের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
