মার্কিনিরা বিপদে ফেলে চলে যাবে, ইরানি কুর্দিদের সিরীয় কুর্দিদের সতর্কতা

মার্কিনিরা বিপদে ফেলে চলে যাবে, ইরানি কুর্দিদের সিরীয় কুর্দিদের সতর্কতা

ইরানের সরকারের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় অংশ না নিতে ইরানি কুর্দিদের সতর্ক করেছে সিরিয়ার কুর্দিরা। তারা বলেছে, তাদের নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে তারা দেখেছে, যুক্তরাষ্ট্র বিপদে ছেড়ে চলে যায়।

ইরাকের কুর্দিস্থানের নেতারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। ইরানকে অস্থিতিশীল করতে কিভাবে হামলা করা যায়, কখন হামলা করা যায় এ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। যদিও কুর্দিরা ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কিছু করেনি।

এর আগেই ইরানি কুর্দিদের সতর্ক করে দিয়েছে সিরিয়ার কুর্দিরা।

সিরিয়ার কুর্দি শহর কামিশলির ৪৫ বছর বয়সী বাসিন্দা সাদ আলি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “আমি আশা করি ইরানের কুর্দিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট করবে না। কারণ তারা তাদের ছেড়ে চলে যাবে। ধরুন কাল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ নিয়ে কোনো চুক্তি হলো তাহলে ইরানিরা কুর্দিদের শেষ করে দেবে। আমাদের মতো আপনারা ভুল করবেন না।”

ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করতে প্রায় এক যুগ আসে সিরিয়ার কুর্দিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলায়। ওই সময় ইসলামিক স্টেটকে হটিয়ে তারা সিরিয়ার অনেক অঞ্চল দখল করে এবং নিজেদের আধা স্বায়ত্ত্বশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করে।

কিন্তু দুই বছর আগে আহমেদ আল সারা সিরিয়ার ক্ষমতা নেওয়ার পর কুর্দিদের দখল করা বেশিরভাগ অঞ্চল পুনর্দখল করেন। ওই সময় যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার আহ্বা জানিয়েছিল কুর্দিরা। কিন্তু যুক্তরাষ্ট্র সাহায্যের বদলে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে তাদের যুক্ত হয়ে যেতে বলেছিল্। মার্কিনিদের এমন নির্দেশনাকে সিরিয়ার কুর্দিরা বেঈমানি হিসেবে নিয়েছে।

আমজাদ কার্দো নামে অপর এক সিরীয় কুর্দি বলেছেন, “আমার মতে, ইরানের কুর্দিদের একটি কঠোর অবস্থান ধরে রাখতে হবে। তারা যেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো লিখিত গ্যারান্টি ছাড়া ইরানের ভেতর ইরানের সরকারের বিরুদ্ধে কোনো কিছু না করে। আমরা সিরিয়ায় যেসব কুর্দি আছি, মার্কিনিদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা নেতিবাচক। মার্কিনিরা আমাদের ত্যাজ্য করেছে। এ নিয়ে আমাদের নেতিবাচক অভিজ্ঞতা রয়েছে।

১০০ বছর আগে অটোমান সাম্রাজ্যের পতনের পর যখন বর্তমান মধ্যপ্রাচ্যের সূচনা হয়। তখন কুর্দিরা রাষ্ট্রবিহীন হয়ে পড়ে। তাদের বেশিরভাগ সুন্নি মুসলিম। তাদের ভাষার সঙ্গে ফার্সির মিল আছে। আর তাদের অবস্থান আর্মেনিয়া, ইরাক, ইরান, সিরিয়া এবং তুরস্কের পাহাড়ি অঞ্চলগুলোতে।

ইরাকে কুর্দিদের নিজস্ব আধা স্বায়ত্ত্বশাসিত অঞ্চল আছে। কিন্তু ইরান, সিরিয়া বা তুরস্কে এখন পর্যন্ত তাদের নিজস্ব কোনো অঞ্চল তৈরি হওয়ার পথ তৈরি হয়নি।

সূত্র: রয়টার্স

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *