মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা, যান চলাচল ব্যাহত

মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা, যান চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকরা এ অবরোধে অংশ নিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।

পুলিশ জানায়, সকালের দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা মিরপুর-১০ নম্বরের সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এই মুহূর্তে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *