মেয়ের ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যা

মেয়ের ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকে মেয়ের দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খান ওই গ্রামের বাসিন্দা। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের বাবা।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে ‘Ru Na’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রতিবেশীদের নিয়ে একটি স্ট্যাটাস দেয়া হয়। ওই স্ট্যাটাসের নিচে একই আইডি থেকে করা একটি মন্তব্য নিয়েও আপত্তি ওঠে। এ নিয়ে স্থানীয়ভাবে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

নিহতের পরিবারের দাবি, ফেসবুক পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে শুক্রবার সকালে নজরুল ইসলাম খান ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপীর কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়।

একপর্যায়ে নজরুল ইসলাম খানকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় তার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিহতের মেয়ে রুনা বলেন, আমার দেয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। পরে তারা হামলা চালিয়ে আমার বাবাকে মারধর করে। একপর্যায়ে মাথায় আঘাত করা হলে বাবা মারা যান। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুল ইসলাম খানের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি লাঠিও উদ্ধার করেছে পুলিশ।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের মেয়ে রুনা দুদিন আগে প্রতিবেশী প্রীতিকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। শুক্রবার দুই পরিবারের মধ্যে মারামারি হলে রুনার বাবা নজরুল ইসলাম খান মারা যান।’

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *