যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট
জ্যেষ্ঠ প্রতিবেদক
ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
বিষয়টি নিশ্চিত করে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলম্বে উড্ডয়ন করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপকের উপস্থিতিতে বিমানের নিজস্ব প্রকৌশল দল ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফলভাবে মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটিকে পুশব্যাক করা হয়। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি নিরাপদে বাংলাদেশের উদ্দেশে নারিতা বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করা হয়েছিল।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ শুরু করেন। পরে বিমানের ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল সফলভাবে ত্রুটি সারাতে সক্ষম হয়।
ফ্লাইটের এক যাত্রী জানান, নির্ধারিত সময়ে বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। তবে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে ‘স্পয়লার’ সংক্রান্ত একটি প্রযুক্তিসংকেত দেখা দেয়। এ পরিস্থিতিতে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে উড়োজাহাজটিকে নির্দিষ্ট পার্কিং এলাকায় ফিরিয়ে নেন।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন।
এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সফরকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
