রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে প্রথমবারের মতো সফলভাবে পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৩৪ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিটে এ বিক্রিয়া শুরু হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত সব প্যারামিটার নির্ধারিত মাত্রায় রয়েছে। বিকিরণের মাত্রা নিয়েও উদ্বেগের কিছু নেই।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

রাশিয়ার সহযোগিতায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা হয়েছে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ মডেলের পারমাণবিক চুল্লি। এতে আধুনিক নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে প্রথম ইউনিটের বিভিন্ন পরীক্ষা ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ের পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর এখন চুল্লি চালুর পরবর্তী ধাপে এগোচ্ছে প্রকল্পটি।

পারমাণবিক চুল্লিতে ‘ক্রিটিক্যালিটি’ বা সংকটাবস্থা অর্জন এমন একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে নিয়ন্ত্রিত ও স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন শুরু হয়। এ পর্যায়ে চুল্লির কার্যক্রম ধাপে ধাপে পরীক্ষা করা হয়, যাতে নিরাপদ ও স্থিতিশীলভাবে শক্তি উৎপাদন করা যায়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে বাড়িয়ে নির্ধারিত পর্যায়ে নেওয়া হবে। সব কারিগরি পরীক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন হওয়ার পর জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন একটি উৎস যুক্ত হবে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়টি নির্ভর করবে পরবর্তী পরীক্ষাগুলোর ফলাফল ও প্রয়োজনীয় কারিগরি অনুমোদনের ওপর।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *