রেকর্ডের শতভাগ অক্ষুণ্ন রেখেই বিশ্বকাপের নকআউটে মেসি

রেকর্ডের শতভাগ অক্ষুণ্ন রেখেই বিশ্বকাপের নকআউটে মেসি

স্বাগতিক হিসেবেই এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স টুর্নামেন্টটিতে ভালো করা নিয়ে খুব একটা আশা দেখাচ্ছিল না। তবে মেসিরা দুই ড্র ‍ও এক জয় নিয়েই ‍উঠে গেলেন মেগা ইভেন্টটির নকআউট রাউন্ডে। এর মধ্য দিয়ে ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের কোনো প্রতিযোগিতায় গ্রুপপর্ব থেকে বাদ না পড়ার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

এখন পর্যন্ত ৩৩টি প্রতিযোগিতায় খেলেছে মেসির দল। হোক সেটি ক্লাব কিংবা আন্তর্জাতিক পর্যায়ে। যেখানে প্রতিটিতেই সফলভাবে প্রথম রাউন্ড পার করেছেন এই তারকা। ক্লাব বিশ্বকাপে আজ (মঙ্গলবার) ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ। যেখানে নকআউট পর্বে যেতে ফ্লোরিডার ক্লাবটির ন্যূনতম ড্র প্রয়োজন ছিল। সেই ফলই (২-২) পেল ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে।

যদিও ম্যাচটির শেষ ১৫ মিনিট বাকি থাকতেও নিশ্চিত জয়ের পথেই ছিল মায়ামি। তখন পর্যন্ত মেসি-সুয়ারেজরা পালমেইরাসের বিপক্ষে এগিয়ে ছিল ২-০ গোলে। ফলাফল অনুযায়ী, রাউন্ড অব সিক্সটিনে আরও এক ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি হতে হতো লিওনেল মেসির দলকে। কিন্তু, শেষ ১১ মিনিটে যা হলো ম্যাচে, সেটা ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপে খানিক বেকায়দায় ফেলেছে। ৮০ মিনিটে পালমেইরাসের পাউলোনিও গোল করে ম্যাচে ফেরার আভাস দেন। আর ৮৭ মিনিটে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মাউরিসিও।

২-২ গোলের ড্র শেষে ইন্টার মায়ামি এবং পালমেইরাস দুই দলই গ্রুপপর্ব শেষ করেছে ৫ পয়েন্ট নিয়ে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস হয়েছে গ্রুপসেরা। ইন্টার মায়ামি শেষ করেছে গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে। রাউন্ড অব সিক্সটিনে অবশ্য কঠিন প্রতিপক্ষ পেয়েছে ইন্টার মায়ামি। যেখানে তারা খেলবে কিছুদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা পিএসজি। যেটি মেসির পুরোনো ক্লাব, আবার সেখানে কোচ হিসেবে আছেন বার্সেলোনায় গুরু হিসেবে পাওয়া লুইস এনরিকে।

আজ ভোরে মাঠে নামার আগেই ৩৮ বছর পূর্ণ করেন মেসি। এদিনই অপরাজেয় থেকে শতভাগ নকআউট পর্বে ওঠার কীর্তি গড়লেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে যা এলএমটেনের জন্য প্রায় নিয়মিত ঘটনা। আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে তিনি পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু করেছেন বার্সেলোনার হয়ে। এরপর একে একে গায়ে জড়িয়েছেন পিএসজি ও ইন্টার মায়ামির জার্সি। আর কোনো দলের হয়েই আনুষ্ঠানিক প্রতিযোগিতার গ্রুপপর্বে বিদায়ের অভিজ্ঞতা নিতে হয়নি তাকে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *