শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পাওয়া রাজধানীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশনের কার্যক্রম চলাকালে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে জানান, রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত এই গ্যাংস্টার দীর্ঘদিন কারাগারে ছিলেন। ২০০৫ সালের ৩১ জানুয়ারি তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পর প্রায় ১৯ বছর কারাভোগ করেন তিনি। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান সুইডেন আসলাম।
