‘শেখ হাসিনার বিলম্ব মার্জনার সুযোগ নেই’
নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিশেষ আইনে বিলম্ব মার্জনার কোনো সুযোগ রাখা হয়নি। এই আইন তারাই করেছেন। সংবিধানেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকারের দাবিদার হওয়ার সুযোগ রাখা হয়নি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে সব মানবতাবিরোধী অপরাধের বিচার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তারা যখন প্রয়োজন মনে করবেন, তখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, সরকার তা সম্পন্ন করেছে। এখন ভারত সরকার কী সিদ্ধান্ত নেবে, সেটি তাদের বিষয়। শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হলেও সেটি একটি আইনি প্রক্রিয়া।
বিলম্ব মার্জনার সুযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিশেষ আইনে এ ধরনের কোনো সুযোগ রাখা হয়নি। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকারের বিষয়ে বিধান রয়েছে। ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা সংবিধানে যে সংশোধনী এনেছিলেন, সেখানেই এ বিধান যুক্ত করা হয়।
এদিকে ভারত সরকারের অবস্থান কিংবা শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারত সরকারই বলতে পারবে।
