শেষ ১০ ম্যাচে আমাদের সেরা খেলোয়াড় ছিল হামজা: শেফিল্ড কোচ

শেষ ১০ ম্যাচে আমাদের সেরা খেলোয়াড় ছিল হামজা: শেফিল্ড কোচ

স্পোর্টস ডেস্ক

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ দুই দশকের সম্পর্কের ইতি টেনে শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। ২৮ বছর বয়সী এই ফুটবলারকে এক বছরের চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। তবে ট্রান্সফার ফি প্রকাশ করা হয়নি।

শেফিল্ডে অবশ্য হামজার এটি প্রথম অধ্যায় নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে ক্লাবটির হয়ে খেলেছিলেন তিনি। সে সময় ১৬টি লিগ ম্যাচে মাঠে নামার পাশাপাশি সান্ডারল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালেও খেলেন হামজা।

সেই সময়ে তার পারফরম্যান্সই শেফিল্ডকে তাকে স্থায়ীভাবে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহী করে তোলে। বিশেষ করে ধারে থাকার শেষ ১০ ম্যাচে হামজার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন কোচ ক্রিস ওয়াইল্ডার। প্লে-অফের সেমিফাইনাল ও ফাইনালও ছিল ওই সময়ের অন্তর্ভুক্ত।

হামজার বহুমুখী দক্ষতাকেও গুরুত্ব দিয়েছেন শেফিল্ড কোচ। মিডফিল্ডে খেলার পাশাপাশি প্রয়োজনে রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারেন তিনি। দলের ওই পজিশনে প্রতিযোগিতা বাড়াতেই হামজাকে ফেরানোর প্রয়োজনীয়তা দেখেছিলেন ওয়াইল্ডার।

হামজাকে নিয়ে ওয়াইল্ডার বলেন, ‘আমরা সবাই জানি, হামজা ওই ভূমিকায় খেলতে পারে এবং এর বাইরেও আরও অনেক কিছু দিতে পারে। এখানে তার প্রথম স্পেলের শেষ ১০ ম্যাচে সে সম্ভবত আমাদের সেরা খেলোয়াড় ছিল।’

ওয়াইল্ডারের সঙ্গে হামজার সম্পর্কও বেশ পুরোনো। ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলার সময় এই কোচের অধীনেই ছিলেন হামজা। পরে শেফিল্ডেও একসঙ্গে কাজ করার সুযোগ হয় দুজনের।

পুরোনো সেই বোঝাপড়া ও হামজার পারফরম্যান্সই হয়তো শেফিল্ডে তার স্থায়ী প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে আরও সহজ করেছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *