সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে কর্মশালা
সড়ক দুর্ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান এবং দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের তদন্ত সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে দুই দিনব্যাপী ‘রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির অংশ হিসেবে জিআরএসপি আয়োজিত এ কর্মশালা গত ১৭ ও ১৮ আগস্ট হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি সড়ক দুর্ঘটনার প্রকৃত ও অন্তর্নিহিত কারণ শনাক্ত করতে পুঙ্খানুপুঙ্খ এবং তথ্য-প্রমাণভিত্তিক তদন্তের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তে প্রাপ্ত তথ্য যথাযথভাবে কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।
কর্মশালায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খানসহ সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, সার্জেন্ট ও উপপরিদর্শকরা অংশ নেন। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও কর্মশালায় অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দুর্ঘটনার তথ্য-প্রমাণ সংগ্রহ, বিশ্লেষণ এবং কার্যকর তদন্তের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালা শেষে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মোট ৭৪ জন অংশগ্রহণকারীর হাতে সনদ তুলে দেন।
