সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্তে পুলিশ

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্তে পুলিশ

বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় দৈনিক সমকালের কার্যালয় থেকে পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তাঁর হাতে লেখা পাঁচটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটগুলো যাচাই করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সমকালের বরিশাল ব্যুরো কার্যালয়ের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলক চ্যাটার্জি তাঁর স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জি, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশে পৃথক পাঁচটি চিরকুট লিখে গেছেন।

প্রশাসনের উদ্দেশে লেখা চিরকুটে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন পুলক। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার নানা চেষ্টার কথাও সেখানে লিখেছেন তিনি। একই সঙ্গে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে অনুরোধও জানিয়েছেন।

স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা চিরকুটে ক্ষমা চাওয়ার পাশাপাশি মেয়ের পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন পুলক। ছোট ভাই দীপককে স্ত্রী ও মেয়ের পাশে থাকার কথাও বলেছেন তিনি।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের উদ্দেশে লেখা চিরকুটে দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতির কথা উল্লেখ করে পরিবারের পাশে থাকার অনুরোধ করেছেন পুলক। আর ছোট ভাই দীপক ও তাঁর স্ত্রী ইতির উদ্দেশে লেখা চিরকুটে স্ত্রী ও মেয়েকে আগলে রাখার পাশাপাশি ব্যাংক হিসাব ও মুক্তিযুদ্ধের ভাতাসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন।

সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুমন চৌধুরীর উদ্দেশে লেখা চিরকুটে একসঙ্গে দীর্ঘদিন কাজ করার স্মৃতির কথা উল্লেখ করেন পুলক। কোনো কারণে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে সমকালে তাঁর পাওনা টাকা আদায়ের বিষয়টি দেখার অনুরোধও করেন তিনি।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ‘সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

পুলিশ জানায়, শুক্রবার কোনো এক সময় পুলক চ্যাটার্জি সমকাল কার্যালয়ে আসেন। সন্ধ্যায় সুমন চৌধুরী অফিসে এসে বাইরে থেকে তালা খোলা দেখতে পান। তবে দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে পাশের অফিসের সহকর্মী ও বাড়ির মালিককে বিষয়টি জানানো হয়। তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে পুলকের মরদেহ উদ্ধার করে।

সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুমন চৌধুরী বলেন, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটি চাবি ছিল। তিনি প্রায়ই রাতে অফিসে এসে সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় অফিসে এসে তিনি দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে দরজার ফাঁক দিয়ে পুলককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলক চ্যাটার্জি সমকাল পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে বরিশালের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে সমকাল কর্তৃপক্ষ তাঁকে চাকরিচ্যুত করে। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। চাকরি না থাকলেও সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী তাঁকে সম্মান দেখিয়ে অফিসের একটি চাবি দিয়েছিলেন। ফলে তিনি মাঝে মধ্যে সেখানে এসে বসতেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পাশাপাশি পাঁচটি চিরকুট জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই করে মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন। এ ছাড়া বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিকের ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতির দায়িত্বও পালন করেছেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *