সালমান মুক্তাদিরের সহশিল্পী হতে পেরে গর্বিত মুনিরা মিঠু
সারাদিনের ব্যস্ততা শেষে বাসায় ফিরে সালমান মুক্তাদিরের পুরো বক্তব্য শুনেছেন অভিনেত্রী মুনিরা মিঠু। বক্তব্য শুনে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বক্তব্যের প্রশংসা করেছেন এই অভিনেত্রী। যদিও স্ট্যাটাসে সরাসরি কারও নাম উল্লেখ করেননি তিনি। তবে মন্তব্যের জবাবে সালমান মুক্তাদিরের সঙ্গে তার কথোপকথনেই স্পষ্ট হয়, তার এই প্রশংসা সালমানকে ঘিরেই।
মুনিরা মিঠু লিখেছেন, ‘সারাদিন ফটোশুট করেছি। মিটিং সম্পূর্ণ করেছি। তারপর বাসায় ফিরে তার পুরো বক্তব্য শুনলাম।’
সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও লিখেছেন, ‘তার সঙ্গে যখন অভিনয় করতাম তখন মেধাবী মনে হতো। তার পরিচালনায় যখন কাজ করেছি বিস্মিত হয়েছি এবং তার ভক্ত হয়েছি।’
সালমানের বক্তব্যের প্রশংসা করে মুনিরা মিঠু বলেন, ‘একজন মানুষ এতোটা গুছিয়ে প্রতিটি পয়েন্টে যুক্তি সহকারে অদ্ভুত সুন্দর করে উপস্থাপন করেছেন।’
সবশেষে নিজের গর্বের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমি গর্বিত যে আমি তার সহশিল্পী ছিলাম।’
পোস্টে মুনিরা মিঠুকে ধন্যবাদ দিয়ে সালমান মুক্তাদির লেখেন, ‘তুমি সবসময়ই তোমার কথার মাধ্যমে এতটা আন্তরিকতা প্রকাশ করো। ধন্যবাদ।’ জবাবে মিঠু লেখেন, ‘আমি সবসময়ই এমনটাই অনুভব করি। তুমি সত্যিই একজন মেধাবী ও বিনয়ী মানুষ। তোমার জন্য আমার দোয়া রইল।’
সাম্প্রতিক সময়ে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর সালমান মুক্তাদির একাধিক বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়াতেও তিনি দীর্ঘ ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে ঘটনার তদন্ত ও নাগরিকের নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন তিনি।
মুনিরা মিঠুর এই প্রশংসামূলক স্ট্যাটাসের পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।
