সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: তথ্যের ঘাটতি খতিয়ে দেখছে সরকার

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: তথ্যের ঘাটতি খতিয়ে দেখছে সরকার

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময় ও প্রক্রিয়াগত ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (১৯ অক্টোবর) দুই দেশ সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ করে প্রধানমন্ত্রী পর্যায়ে ভালো ও গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। এমন পরিস্থিতিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি কেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা অবশ্যই তথ্যের ঘাটতি এবং এই প্রক্রিয়ায় কোনো এক জায়গায় ঘাটতি রয়েছে। এটা খতিয়ে দেখার জন্য আমরা ব্যাখ্যা চেয়েছি। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে।’

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ বা অপরাধের ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বাংলাদেশ হতাশ। পবিত্র মক্কায় মানুষ ধর্মীয় ও পবিত্র উদ্দেশ্য নিয়ে যান। সেখানে এ ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, রায় কার্যকর হয়ে যাওয়ার পর ক্ষতিপূরণের সুযোগ থাকে না। এখন মূলত কোথায় ঘাটতি হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, গণমাধ্যমে তাদের পরিচয় সম্পর্কে তথ্য প্রকাশিত হয়েছে। অন্য কোনো দেশের নাগরিক বাংলাদেশে অপরাধে জড়িত হলে সংশ্লিষ্ট দেশকে জানানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে কনস্যুলার সেবার সুযোগ থাকতে পারে।

সৌদি আরবের স্থানীয় আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশটিতে অবস্থানরত প্রত্যেককে সেখানকার আইন মেনে চলতে হয়। অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার বিচার দেশটির প্রচলিত আইন অনুযায়ী হবে।

এদিকে ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সংলাপে দুই পক্ষের আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *