সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল, বিপাকে বাংলাদেশি যাত্রীরা

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল, বিপাকে বাংলাদেশি যাত্রীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক

সৌদি আরবের চারটি গন্তব্যে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। গত এক সপ্তাহে ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের বহনকারী সংস্থাটির ২২টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভারত হয়ে সৌদি আরবে যাতায়াতকারী বাংলাদেশি প্রবাসী ও অন্যান্য যাত্রীর ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিগো। সংস্থাটি জানায়, সৌদি আরবের পরিবর্তনশীল পরিস্থিতি মূল্যায়ন করে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা থেকে যাওয়া-আসার ফ্লাইট আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল রাখা হয়েছে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে গত কয়েক দিনে ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের জন্য সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১০৩টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী। বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী ট্রানজিট ফ্লাইট রয়েছে ৬১টি। এর মধ্যে ইন্ডিগোর ২২টি ফ্লাইট।

ইন্ডিগো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের বুকিংয়ের সময় দেওয়া যোগাযোগের তথ্য ব্যবহার করে প্রয়োজনীয় নোটিশ পাঠানো হচ্ছে। ট্রাভেল এজেন্সি বা অন্য কোনো ভ্রমণ সহযোগীর মাধ্যমে টিকিট কাটা যাত্রীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে বিভিন্ন বিমান সংস্থা তাদের ফ্লাইট সূচি পরিবর্তন ও চলাচল স্থগিত করছে। এতে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মস্থলে ফিরতে যাওয়া প্রবাসী, নতুন কর্মী এবং ছুটিতে দেশে আসা যাত্রীদের যাত্রা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে সৌদিগামী যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে ইন্ডিগো। ট্রানজিটের টিকিট থাকলে শুধু ঢাকা থেকে প্রথম ফ্লাইটের অবস্থা নয়, পরবর্তী সংযোগকারী ফ্লাইট চালু আছে কি না, সেটিও যাচাই করতে বলেছে সংস্থাটি।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *