স্ত্রী, ভাবিসহ বিপ্লব বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক পলাতক দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তার পরিবারের তিন সদস্যের বিদেশগমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।
বিদেশগমনে নিষেধাজ্ঞা পাওয়া অন্য তিনজন হলেন—বিপ্লব বড়ুয়ার ভাই ও স্বাচিপের সাবেক সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, বিপ্লব বড়ুয়ার স্ত্রী সোমা বড়ুয়া এবং বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়া।
এর আগে দুদকের মানিলন্ডারিং ও অনুসন্ধান টিম-৩-এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে চলমান অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন।
দুদকের আবেদনে বলা হয়, বিপ্লব বড়ুয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া নিজেদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘনের অভিযোগও অনুসন্ধানাধীন রয়েছে।
আবেদনে আরও বলা হয়, সুষ্ঠু অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে অভিযুক্ত ব্যক্তিদের বিদেশগমন রোধ করা প্রয়োজন। তারা যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারির আবেদন জানায় দুদক।
