স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্মরণকালের অন্যতম ভয়াবহ এ রেল দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, একই গন্তব্যের দিকে যাওয়া দুটি ট্রেন একই লাইনে চলছিল। এর মধ্যে একটি ট্রেন পেছন থেকে অন্য ট্রেনকে অত্যন্ত জোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার সময় দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। ট্রেন দুটি মাদ্রিদ থেকে সেভিয়ার উদ্দেশে যাচ্ছিল।
দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে বাইরে বের হই এবং দেখতে পাই আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।’
বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্পেনে এর আগে ২০১৩ সালে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটেছিল। সে সময় একটি ট্রেন রেললাইনের বাঁকে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন সেটিকে ধাক্কা দিলে ৮০ জন নিহত হন।
এরপর দেশটিতে আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল।
