হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী নির্বাচন

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী নির্বাচন

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করা হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করেছে। এর ফলে আসনটির নির্বাচন কমিশনের পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে। কুমিল্লা-২ আসন এখন হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

এর আগে গত ৮ জানুয়ারি হাইকোর্ট কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটটি অবৈধ ঘোষণা করেছিলেন। ওই রায়ে আদালত আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন বৈধ হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেছিলেন। সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম রিট আবেদন করেছিলেন।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, আগে কুমিল্লা-২ আসনে মেঘনা ও তিতাস উপজেলা অন্তর্ভুক্ত ছিল। হোমনা যোগ হওয়ার ফলে কুমিল্লা-২ আসন এখন হোমনা ও তিতাস উপজেলাকে নিয়ে গঠিত হয়েছে। মেঘনা উপজেলা কুমিল্লা-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের রায়ের ফলে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বহাল থাকবে।

এমকে/আরটিএনএন

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *