মেলান্দহে সিদ্দিকী শুভ’র নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
জামালপুর প্রতিনিধি
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে স্থানীয় বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র নেতৃত্বে ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর গ্রাম থেকে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি সিদ্দিকী শুভ’র নিজ বাড়ি থেকে শুরু হয়ে বিএনএস বাজার প্রদক্ষিণ করে শেষ হয়। এতে বিএনপি, এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
পরে ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে সিদ্দিকী শুভ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলেই আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন।”
তিনি আরও বলেন, “৭ নভেম্বর জাতীয় ঐক্যের প্রতীক। সেদিন সিপাহি–জনতার ঐক্য বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ভিত্তি গড়ে দেয়।”
তিনি দাবি করেন, ওই সময়ের বিভিন্ন ষড়যন্ত্র ও অস্থিরতার মধ্যেও সিপাহি-জনতার দৃঢ় অবস্থান দেশকে নতুন পথে নিয়ে যায়। বক্তারা বলেন, ইতিহাস সঠিকভাবে জানা জরুরি, নইলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করা সম্ভব নয়।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলিকে স্মরণ করে বক্তারা জানান, সেদিন সিপাহি-জনতার আন্দোলনে ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। এ দিন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র ও নতুন রাজনৈতিক পর্বের সূচনা ঘটে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব অংশ নেন।
