মাতৃত্বের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে নীরব বুবলী, দিলেন সংযত বার্তা

মাতৃত্বের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে নীরব বুবলী, দিলেন সংযত বার্তা

বিনোদন ডেস্ক

চলতি সময়ে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে অনলাইন মাধ্যমে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। গুঞ্জন উঠেছে, তিনি নাকি আবারও অন্তঃসত্ত্বা এবং দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। এমনকি ঢালিউড সুপারস্টার শাকিব খান আবার বাবা হচ্ছেন—এমন কথাও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন পোর্টালে। তবে এসব গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি বুবলী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে একটি পণ্যের বাজারজাতকরণ অনুষ্ঠানে উপস্থিত হন বুবলী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে অবধারিতভাবেই উঠে আসে তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন। তবে বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার না করে নরম ও সংযত ভাষায় এড়িয়ে যান অভিনেত্রী।

বুবলী বলেন, ব্যক্তিগত বিষয়ে কথা বলার জন্য সময় ও উপযুক্ত পরিবেশ প্রয়োজন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সবকিছুরই একটা সময় আছে। আজ আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এসেছি। এখানে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করা সমীচীন নয়।”

শাকিব খানের সন্তানের মা হচ্ছেন কি না কিংবা সন্তান প্রসবের জন্য আবার বিদেশে যাচ্ছেন কি না—এমন প্রশ্নেও নির্দিষ্ট কোনো উত্তর দেননি তিনি। বরং ‘মর্যাদাপূর্ণ আলোচনার পরিবেশ’-এর প্রত্যাশার কথা জানান। বুবলীর ভাষায়, তিনি শান্তিপূর্ণ পরিস্থিতিতে, সবার প্রতি সম্মান রেখেই নিজের কথা বলতে চান।

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এসব একান্তই ব্যক্তিগত বিষয়। যখন এ নিয়ে কথা বলবেন, তখন সম্মান বজায় রেখেই বলবেন। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু ও নিরাপদ সামাজিক পরিবেশ কামনা করেন।

ভালোবাসা দিবস উদ্‌যাপন নিয়ে প্রশ্ন করা হলে বুবলী জানান, তার কাছে ভালোবাসার মানুষগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিনি প্রতিদিনই ভালোবাসার আবহে থাকতে চান। এ সময় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি অনুরোধ করেন, শিল্পীদের ব্যক্তিগত বিষয় উপস্থাপনের ক্ষেত্রে যেন সম্মান ও পেশাদারিত্ব বজায় রাখা হয়।

বুবলী বলেন, শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহল থাকা স্বাভাবিক। তবে সেই কৌতূহল প্রকাশের ধরনে দায়িত্বশীলতা থাকা জরুরি। তিনি নিজেও ধৈর্য ও সৌজন্য বজায় রেখে জীবন ও ক্যারিয়ারের বাকি পথ এগিয়ে নিতে চান বলে জানান।

উল্লেখ্য, শাকিব খানের হাত ধরেই ঢালিউডে যাত্রা শুরু করেন শবনম বুবলী। পরে নানা আলোচনার মধ্যেই তিনি শাকিবের সন্তানের মা হন। জুটি ভাঙার পর অন্যান্য নায়কের সঙ্গেও কাজ করেছেন তিনি। সর্বশেষ গত বছর ‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা গেছে বুবলীকে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *