অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?
বিনোদন ডেস্ক
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে টালিউডে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী।
টালিউডের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ডিসেম্বরেই মিমি চক্রবর্তীর বিয়ের আয়োজন হতে পারে। পাহাড়ঘেরা কালিম্পংয়ে বসতে পারে বিয়ের জমকালো আসর।
তবে মিমি কাকে বিয়ে করছেন, তা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা। গুঞ্জন রয়েছে, তাঁর হবু বর চলচ্চিত্র অঙ্গনের কেউ নন। ভারতের নৌবাহিনীতে কর্মরত সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে মিমির বিয়ের কথা শোনা যাচ্ছে।
যদিও মিমি চক্রবর্তী নিজে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে বিয়ের খবর এবং পাত্রের পরিচয়—দুটিই আপাতত গুঞ্জনের পর্যায়ে রয়েছে।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর অভিনয় দক্ষতা দিয়ে দ্রুত দর্শকের নজর কাড়েন তিনি। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়।
শুধু কলকাতার দর্শক নয়, বাংলাদেশের দর্শকদের কাছেও মিমি চক্রবর্তী বেশ পরিচিত মুখ। শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয় করে দুই বাংলার দর্শকদের মধ্যেও নতুন করে আলোচনায় আসেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হন মিমি। ২০১৯ সালে যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাসহ একাধিক চলচ্চিত্রের শুটিং করছেন তিনি। নতুন এই সিনেমাটি আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এর মধ্যেই তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে মিমি নিজে কবে এই বিষয়ে মুখ খুলবেন, এখন সেটিই দেখার বিষয়।
