রাজধানীর বাসা-বাড়িতে গ্যাস সংকট, ভোগান্তি চরমে

রাজধানীর বাসা-বাড়িতে গ্যাস সংকট, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ কিংবা সীমিত হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রান্নাবান্না থেকে শুরু করে গরম পানি ব্যবহার—দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলোই এখন হয়ে উঠেছে কঠিন। বিশেষ করে রমজান মাসে ইফতার ও সেহরির প্রস্তুতিতে পড়তে হচ্ছে বাড়তি বিড়ম্বনায়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক জায়গায় দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না। কোথাও বা চাপ এত কম যে চুলা জ্বালানোই অসম্ভব হয়ে পড়ে।

মগবাজারের বাসিন্দা শাহিদা আরটিএনএনকে বলেন, রমজান মাসে তো একদম শান্তি নেই। ইফতারের সময় গ্যাস থাকে না। সামান্য কিছু বানাবো, সেটাও পারি না। প্রতিদিন বাইরে থেকে কিনে খাওয়াও সম্ভব নয়। গ্যাস নিয়ে আমরা খুবই অসন্তুষ্ট।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরেই এমন পরিস্থিতি চলছে। ফলে রান্না থেকে শুরু করে পরিবারের স্বাভাবিক কার্যক্রম প্রায় থমকে গেছে। অনেকেই বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা, এলপিজি সিলিন্ডার কিংবা কাঠের চুলার মতো বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছেন।

বিশেষজ্ঞদের মতে, পাইপলাইনে লিকেজ, এলএনজি টার্মিনালে প্রযুক্তিগত সমস্যা এবং এলপিজি আমদানি কমে যাওয়ার মতো নানা কারণে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে নগরবাসীর দৈনন্দিন জীবনে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিক সমাধান না আসায় সাধারণ মানুষকে আপাতত বিকল্প ব্যবস্থার ওপরই নির্ভর করতে হচ্ছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *