ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে আটক বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। ঈদের দিন কারাবন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ মেন্যুর খাবার দেওয়া হবে।

কারা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে বন্দিদের জন্য পায়েস বা সেমাইয়ের সঙ্গে মুড়ি পরিবেশন করা হবে। দুপুরের খাবারে থাকবে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম এবং রুই মাছ। এছাড়া বন্দিদের জন্য পান ও সুপারিও সরবরাহ করা হবে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে। দেশের সব কারাগারেই বন্দিদের জন্য এই বিশেষ খাবার পরিবেশন করা হবে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করা এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবেই এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: বাসস।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *