শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আটে বাংলাদেশ
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদে সুসংবাদ পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টপকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দলগত র্যাংকিংয়ে আট নম্বরে উঠে এসেছে লিটন দাসের দল।
মঙ্গলবার (৫ মে) আইসিসির প্রকাশিত বার্ষিক হালনাগাদে দেখা যায়, রেটিং পয়েন্ট হারিয়ে লঙ্কানরা এক ধাপ নিচে নেমে গেছে। অন্যদিকে ১ পয়েন্ট বেড়ে ২২৫ রেটিং নিয়ে আটে জায়গা করে নিয়েছে টাইগাররা।
শ্রীলঙ্কার বর্তমান রেটিং ২২১, তারা আছে নবম স্থানে। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে লঙ্কানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ১০ নম্বরে থাকা আফগানিস্তান।
আইসিসির নিয়ম অনুযায়ী, এই হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচের ৫০ শতাংশ পয়েন্ট বিবেচনা করা হয়েছে।
র্যাংকিংয়ের শীর্ষে যথারীতি অবস্থান করছে ভারত। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তারা নিজেদের দাপট ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড (২৬২) ও অস্ট্রেলিয়া (২৫৮)।
র্যাংকিংয়ের শীর্ষ সাতটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে যথাক্রমে চতুর্থ থেকে সপ্তম অবস্থানে
বাংলাদেশি দর্শকদের জন্য আনন্দের বিষয় হলো, টি-টোয়েন্টিতে সাম্প্রতিক ধারাবাহিকতা র্যাংকিংয়ের এই অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া সহযোগী দেশগুলোর মধ্যে বড় লাফ দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে পেছনে ফেলে ১৩ নম্বরে উঠে এসেছে।
এক নজরে শীর্ষ ১০ টি-টোয়েন্টি দল:
১. ভারত (২৭৫)
২. ইংল্যান্ড (২৬২)
৩. অস্ট্রেলিয়া (২৫৮)
৪. নিউজিল্যান্ড (২৪৭)
৫. দক্ষিণ আফ্রিকা (২৪৪)
৬. পাকিস্তান (২৪০)
৭. ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)
৮. বাংলাদেশ (২২৫)
৯. শ্রীলঙ্কা (২২১)
১০. আফগানিস্তান (২২০)
