দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, চালক-হেলপার নিহত
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে অন্য একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) ভোরে উপজেলার তাজপুর বাজারের পূর্বপাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও তার হেলপার ইমন (২০)। চালক সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ‘যাতায়াত’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সিলেটমুখী অবস্থায় দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে তীব্র ধাক্কা দেয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সোহেল মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হেলপার ইমনও প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং নিহতদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান আছে।
