কী কারণে ধুঁকছেন শাহিন আফ্রিদি, জানালেন আমির

কী কারণে ধুঁকছেন শাহিন আফ্রিদি, জানালেন আমির

বলের গতি কমেছে, সুইং পাচ্ছেন না আগের মতো– ফলে প্রতিপক্ষের ওপর সেভাবে দাপট দেখাতে ব্যর্থ শাহিন শাহ আফ্রিদি। ব্যাটারদের জন্য একসময় আতঙ্কের পরিস্থিতি তৈরি করা এই পাকিস্তানি তারকার নীরবে খেলে যাওয়ার দৃশ্য ভক্তদের জন্য সুখকর নয়। কেন হঠাৎ ধারহীন হয়ে পড়লেন শাহিন। এ নিয়ে ব্যাখ্যা দিলেন দেশটির সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির।

আমিরের মতে, পাকিস্তানের ফাস্ট বোলারদের যথাযথ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না থাকায় শাহিন আফ্রিদির পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে। উইজডেন–এর দ্য স্কুপ অনুষ্ঠানে আমির বলেন, সব ধরনের ফরম্যাটে টানা খেলানোর কারণেই শাহিনের গতি ও ধারাবাহিকতা কমে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পাকিস্তান দলেও জায়গা পাননি বাঁ-হাতি এই পেসার।

২০২৩ সালে হাঁটুর চোট থেকে ফেরার পর টেস্ট ক্রিকেটে আর ছন্দ খুঁজে পাননি শাহিন। ১৬ ইনিংসে তিনি নিয়েছেন মাত্র ২৭ উইকেট, গড় ৪০.১১ এবং স্ট্রাইক রেট ৬৭.৬। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ২-০ ব্যবধানে হারের টেস্ট সিরিজে শাহিনের ঘণ্টায় ১২০ কিলোমিটারের মাঝামাঝি গতির বোলিংও সমালোচনার জন্ম দেয়।

আমির বলেন, ‘গুগল বা ইউটিউবে খুঁজলেই ভিডিওটি পাবেন। ২০২০ বা ২০২১ সালে আমি শাহিন আফ্রিদিকে নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলাম, কারণ আমার সঙ্গেও এমনটা ঘটেছিল। তখনই আমি বলেছিলাম, আপনারা শাহিনকে যেভাবে খেলিয়েই যাচ্ছেন, একসময় সে সমস্যায় পড়বে।’

তিনি আরও বলেন, ‘সে গতিতে, ধারাবাহিকতায় ও ফিটনেসে– সবদিক থেকেই ভুগবে। এখন দেখুন, সে সত্যিই সংগ্রাম করছে। এখনও তার বয়স কম, এই সময় তার সেরা অবস্থায় থাকার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। এর পেছনে বড় কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অভাব।’

অভিষেকের পর থেকে ২০২২ সালের জুলাইয়ে চোট পাওয়ার আগপর্যন্ত টেস্ট ক্রিকেটে শাহিন করেছেন ৮০৯.৪ ওভার, যা ওই সময়ে পাকিস্তানের যেকোনো বোলারের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৬০৬.২ ওভার করেছেন স্পিনার ইয়াসির শাহ। পেসারদের মধ্যে পরের অবস্থানে থাকা হাসান আলি করেছেন মাত্র ৪২৭.৩ ওভার।

এদিকে, বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলছেন শাহিন। যেখানে চার ম্যাচে তার শিকার ৭ উইকেট। বোলিংয়ে তার গড় ১৯.১৪ এবং ইকোনমি রেট ৮.৯৩।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *