সেমিফাইনালে আবারও ভারত, চাপ নয় উপভোগ করতে চায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
নারী এশিয়া কাপের সেমিফাইনালে আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষ হলেও ম্যাচটিকে চাপ হিসেবে দেখছে না নিগার সুলতানা জ্যোতির দল। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ।
ভারত দুর্দান্ত ফর্মে থেকে সেমিফাইনালে উঠেছে। বিপরীতে টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিং এখনো আশানুরূপ নয়। ফলে জ্যোতির দলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফল নিয়ে আগেভাগে ভাবতে চাননি।
তিনি বলেন, ভারত খুব শক্তিশালী দল। তাদের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবেন তারা। ফলাফল যা-ই হোক, মাঠে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে।
ভারতের বিপক্ষে খেলাকে চাপ হিসেবে দেখছেন না ব্যাটার শারমিন আক্তার সুপ্তাও। তিনি বলেন, নেতিবাচক চিন্তা করলে ম্যাচটি চাপ হয়ে উঠতে পারে। তবে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগকে তারা উপভোগ করছেন। চ্যাম্পিয়ন হতে হলে এমন দলের বিপক্ষেই খেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় নিয়েও কথা বলেন শারমিন। তার মতে, এমন পরিস্থিতি মাঝেমধ্যে হতেই পারে। ওই ম্যাচে এক প্রান্ত আগলে রেখে শেষের দিকের ব্যাটারদের সঙ্গে জুটি গড়ার প্রয়োজন ছিল। শুরুতেই পাঁচ-ছয়টি উইকেট হারালে বড় সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। তবে নাহিদা দারুণ ব্যাটিং করে তাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন বলে জানান তিনি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার কাছে হেরে যায় দলটি। ফলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি ছিল সেমিফাইনালে ওঠার জন্য বাঁচা-মরার লড়াই।
সেই ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় জ্যোতির দল। রাবেয়া খান তিনটি এবং মারুফা আক্তার ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৬৯ রানেই থামে আরব আমিরাতের ইনিংস।
