‘মালভিনাস’ স্লোগানে নতুন বিতর্ক
ফিফার তদন্ত চলাকালেই ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত স্লোগানসংবলিত নতুন জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের হাতে দেখা যাওয়া ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (মালভিনাস আর্জেন্টিনার) স্লোগানই স্থান পেয়েছে ক্লাবটির নতুন জার্সিতে।
রোববার রেসিং দে করদোবার বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার পর খেলোয়াড়রা এই জার্সি প্রদর্শন করেন। ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও জার্সিটির ঘোষণা দেয় ক্লাবটি। ইনস্টাগ্রামে তারা লিখেছিল, ‘আজীবন আর্জেন্টাইন। আইসলাস মালভিনাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এই জার্সি পরে আমরা রেসিং দে করদোবার বিপক্ষে মাঠে নামব।’
এছাড়া ম্যাচের পর এক্সে (সাবেক টুইটার) শুরুর একাদশের খেলোয়াড়দের ছবি প্রকাশ করে ক্লাবটি ক্যাপশনে লেখে, ‘তারা আর্জেন্টাইন।’
ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ—যাকে আর্জেন্টিনা ‘আইসলাস মালভিনাস’ নামে অভিহিত করে—নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ চলছে। ১৯৮২ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ৯৫০ জনের বেশি মানুষ নিহত হন এবং শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রাখে যুক্তরাজ্য।
সম্প্রতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনা দলের কয়েকজন ফুটবলার দর্শকদের দেওয়া ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ লেখা ব্যানার হাতে নিয়ে উদযাপন করেন। ঘটনাটি নিয়ে ইংল্যান্ড ফিফার কাছে অভিযোগ জানালে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি তদন্তের আওতায় আনে।
ফিফা এক বিবৃতিতে জানায়, শৃঙ্খলা কমিটি ম্যাচ-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করছে। সব তথ্য-উপাত্ত বিবেচনা করে শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এমন পরিস্থিতিতে একই স্লোগান জার্সিতে ব্যবহার করে আলমিরান্তে ব্রাউন নতুন করে বিতর্কের জন্ম দিল বলে মনে করছেন অনেকে।
