চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাস করেছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী। গত পাঁচ বছরের মধ্যে এবারই এ বোর্ডে সবচেয়ে কম পাসের হার। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য জানান।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। ২০২৪ সালে ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাদের মধ্যে ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৮৬ শতাংশ এবং ছাত্রীদের ৬০ দশমিক ০৩ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ১২৩ জন এবং ছাত্রী ৫ হাজার ২৭৫ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে ১ হাজার ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২১টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে আটটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

এ ছাড়া শূন্য থেকে ১০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি, ১১ থেকে ৫০ শতাংশ পাস করেছে ৪৬৮টি এবং ৫১ থেকে ৯৯ শতাংশ পাস করেছে ৬৯৩টি প্রতিষ্ঠান।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছরের মধ্যে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও সর্বনিম্ন। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন, ২০২৪ সালে ১০ হাজার ৮২৩ জন, ২০২৩ সালে ১১ হাজার ৪৫০ জন এবং ২০২২ সালে ১৮ হাজার ৬৬৪ জন। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৮ জনে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *