টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অফিসগামী লোকজন। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার (১৭ আগস্ট) সকালেও অব্যাহত থাকে। এতে রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

ভারী বৃষ্টিতে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলজট তৈরি হয়েছে। পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। নগরীর বিভিন্ন সড়কে কোথাও ধীরগতিতে গাড়ি চলছে, আবার কোথাও পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে বলে জানান তিনি।

এদিকে নগরীতে চলমান গ্যাস সংকটের প্রভাবও পড়েছে গণপরিবহনে। গ্যাসের অভাবে অনেক সিএনজিচালিত অটোরিকশা সড়কে না নামায় যানবাহনের সংখ্যা কমে গেছে। ফলে জলাবদ্ধতার সঙ্গে পরিবহন সংকট যুক্ত হয়ে দুর্ভোগ আরও বেড়েছে।

রাহাত্তারপুল, বাকলিয়া ও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। অফিসগামী মানুষও সময়মতো গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়ছেন।

নগরীর বাইরে বোয়ালখালীর বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চরখিজিরপুর-সাতগড়িয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বর্ষাকালে জলাবদ্ধতার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে পানি জমে থাকায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে।

নগরবাসীর অভিযোগ, সামান্য ভারী বৃষ্টিতেই চট্টগ্রামের বিভিন্ন সড়কে পানি জমে যায়। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *