ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলের গোপালপুরে ১০ পিস ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার সৈয়দপুর গ্রামের প্রধান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেজাউল করিম উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি নগদাশিমলা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২০ আগস্ট) তাকে আদালতে পাঠানো হলে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।

গোপালপুর থানার ওসি মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পর সৈয়দপুর গ্রামের প্রধান সড়ক দিয়ে মোটরসাইকেলে স্থানীয় বাজারের দিকে যাওয়ার সময় রেজাউল করিম ও তার বন্ধু গুলিপেচা গ্রামের মনিরুজ্জামান মুন্নাকে সন্দেহ হলে পুলিশ থামতে বলে। এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের সময় মনিরুজ্জামান মুন্না দৌড়ে পালানোর একপর্যায়ে পা পিছলে পড়ে আহত হন। পরে তাকে গোপালপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, শিক্ষক রেজাউল করিম নিয়মিত বিদ্যালয়ে আসতেন না। বিদ্যালয়ে এলেও ছুটির পর অফিসকক্ষের দরজা-জানালা বন্ধ করে মাদকসেবীদের নিয়ে সেখানে আড্ডা দিতেন। প্রায় ছয় মাস আগে এলাকাবাসী বিষয়টি গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে মৌখিকভাবে জানিয়েছিলেন। তবে তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

গোপালপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসলাম ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। শিক্ষক তথা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা ইয়াবাসেবী হলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে।’

গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, শিক্ষক রেজাউল করিমকে সাময়িক বরখাস্তের জন্য টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হচ্ছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *