রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার পর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে বা আইনের আওতায় আনতে পারেনি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সরকার যে আইনশৃঙ্খলা বাহিনী পেয়েছে, তাদের ভঙ্গুর মনোবল ও নানা সীমাবদ্ধতা ছিল। একই সঙ্গে জনগণের প্রত্যাশাও ছিল অনেক বেশি। এসব বিষয় বিবেচনায় নিয়েই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং তাদের জনগণের সেবক হিসেবে গড়ে তোলার কাজ চলছে। গত ছয় মাসে বাহিনীগুলোর সক্ষমতা ও মনোবল অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, রংপুরের একটি ঘটনাসহ জাতীয়ভাবে আলোচিত বিভিন্ন অপরাধের ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। প্রতিটি ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না। তবে ভবিষ্যতে পুলিশকে আরও জনবান্ধব ও জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনগত কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে তাদের জবাবদিহি ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কাজের জন্য সদস্যদের পুরস্কার, সনদ ও পদক দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে নেওয়া হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে। সরকার জনগণের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *