ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপের আহ্বান আইনমন্ত্রীর

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপের আহ্বান আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদ যাতে দেশে আবারও ফিরে আসতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে অন্যায় ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশ গঠনে নাগরিকদের দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে মো. আসাদুজ্জামান বলেন, ওই সময়ে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। অনেকে হাত-পা হারিয়েছেন, কেউ কেউ এখনো নিখোঁজ রয়েছেন। এসব ঘটনা দেখেও যারা কিছু হয়নি বলে মনে করেন, তাদের বিবেক জাগ্রত করার আহ্বান জানান তিনি।

যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতি দায়িত্ব পালন করা সবার নৈতিক ও সাংবিধানিক কর্তব্য। অন্যায় হলে তা চিহ্নিত করে সংশোধনের জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। ফ্যাসিবাদ যেন আর পুনর্বাসিত না হয় এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন।

অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা বিকাশে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন আইনমন্ত্রী। এ ধরনের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আরও সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সারা দেশ থেকে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় অংশ নেন। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল—‘আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী হযরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা’।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *