ভারতের সঙ্গে মর্যাদা ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

ভারতের সঙ্গে মর্যাদা ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ভারতের সঙ্গে পারস্পরিক মর্যাদা, সম্মান, বোঝাপড়া এবং দুই দেশের জনগণের কল্যাণের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই যেকোনো প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাক্ষাৎ শেষে সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে চিফ হুইপ এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। একইভাবে কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ডও যেন বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহৃত না হয়, সেটিও বাংলাদেশের প্রত্যাশা।

ভারতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছর যারা দেশে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের মানবতাবিরোধী অপরাধের জন্য কোনো ধরনের আশ্রয় বা প্রশ্রয় না দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে নুরুল ইসলাম বলেন, এ সফর দুই দেশের পারস্পরিক বোঝাপড়া এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের ওপর নির্ভর করবে। কোনো নির্দিষ্ট তারিখের শর্ত দিয়ে সফর করা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য বিব্রতকর।

তিস্তা নদীর পানি বণ্টনসহ ৫৪টি অভিন্ন নদীর প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ভাটির দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে পানি সংকটে রয়েছে। পানি মানুষের মৌলিক প্রয়োজন হওয়ায় ভারত মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসে এ সংকট সমাধানে ভূমিকা রাখবে বলে আশা করে বাংলাদেশ।

সীমান্তে প্রাণহানির বিষয়টিও অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি তা বন্ধে ভারতকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

দুই দেশের সংসদীয় কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের জন্য ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের বিষয়ে চিফ হুইপ বলেন, এতে বাংলাদেশের কোনো আপত্তি নেই।

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধসংক্রান্ত বিল নিয়ে বিরোধী দলের আপত্তির বিষয়ে তিনি বলেন, সংসদে উত্থাপিত যেকোনো বিল নিয়ে বিস্তারিত আলোচনা ও মতামত দেওয়ার সুযোগ রয়েছে। রাজপথে সংঘাতের পরিবর্তে সংসদকে বিতর্ক ও মতবিনিময়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে বিরোধী দলসহ সবার প্রতি ইতিবাচক আলোচনার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান জাতীয় সংসদের চিফ হুইপ।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *