ছয় দফা বাস্তবায়ন না হলে দাবি এক দফায় পরিণত হবে: পাটওয়ারী

ছয় দফা বাস্তবায়ন না হলে দাবি এক দফায় পরিণত হবে: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

সরকারের রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা ও অব্যবস্থাপনার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনকল্যাণে উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে তা এক দফার আন্দোলনে রূপ নেবে। আর সেই এক দফা হবে সরকারের পদত্যাগের দাবি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত এক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের চরম অদক্ষতা ও অব্যবস্থাপনা স্পষ্ট হয়ে উঠেছে। জনগণের ৭০ শতাংশের গণরায় সরকার অমান্য করেছে বলেও দাবি করেন তিনি। এ কারণে জনগণের প্রতি সরকারের আর কোনো আস্থা নেই।

সাম্প্রতিক সময়ে নিহত ওসমান হাদিসহ অন্যদের হত্যার বিচার দাবি করে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ শহীদদের এবং ন্যায়-ইনসাফের বাংলাদেশ হবে।

লংমার্চ কর্মসূচিতে ছয় দফা দাবি তুলে ধরেছে ১১ দলীয় ঐক্য। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দলীয়করণ বন্ধ করা।

ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *