৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

জীবনের চার দশক পেরিয়েছেন নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। অথচ দেখে বোঝার উপায় নেই! কিন্তু তার লাইফস্টাইল আজকে তাকে এনে দিয়েছে এই রূপেই। তবে কি শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়েই ভাবেন এই এই অভিনেত্রী? তা নয়। তার কাছে গুরুত্বপূর্ণ মানসিক সৌন্দর্য; যা থেকে আসে প্রশান্তি। তাই জীবনটা কীভাবে সুখে কাটানো যায়, প্রফুল্ল থাকা যায়; নিজের সে দর্শনই এবার ভক্তদের মাঝে ভাগ করে নিলেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন কুসুম শিকদার। যেখানে তাকে দেখা যায় এক স্নিগ্ধ রূপে। যেন বয়সে চল্লিশের ঘরকে বুড়ো আঙুল দেখালেন তিনি। সেখানেই দিলেন বিশেষ পরামর্শ, বার্তা।

চল্লিশোর্ধ্ব বয়সে মানসিক প্রশান্তি ও সুন্দর থাকার মন্ত্র হিসেবে প্রথমেই ইতিবাচক মানসিকতার ওপর জোর দিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, কাউকে ঘৃণা না করে শুধু ভালোবেসে যেতে হবে। তবে নিজের মনকে কলুষিত হওয়া থেকে বাঁচাতে জীবন থেকে নেতিবাচক মানুষ বা নেতিবাচক চিন্তা বাদ দেওয়ার ওপর তাগিদ দেন তিনি।

চার মন্ত্র উল্লেখ করে কুসুম শিকদার লেখেন, ‘চল্লিশ উর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র হলো- এক, ঘৃণা করা যাবে না, শুধুই ভালোবাসতে হবে। তবে নেতিবাচক শক্তির সঙ্গ পরিত্যাগ করতে হবে, তা না হলে মন কলুষিত হবে। এরপর লেখেন, ‘অবমূল্যায়ন বা অসম্মানের সম্ভাবনা যেখানে, না যাওয়াই ভালো সেখানে।‘ অভিনেত্রীর তৃতীয় মূলমন্ত্র হলো, ‘মুগ্ধ হওয়ার ক্ষমতা এবং রোজ নতুন কিছু শেখার আগ্রহ রাখতে হবে।‘ শেষে অভিনেত্রী লেখেন, ‘প্রায়ই প্রকৃতির কাছে যেতে হবে।’

পোস্টটি প্রকাশ হওয়ার সঙ্গেই মন্তব্য ঘরে কুসুম শিকদারের এমন চিন্তাধারার প্রশংসায় মেতেছেন তার অনুরাগী ও নেটিজেনরা। ভক্তদের অনেকেই মন্তব্য করে জানান, অভিনেত্রীর দেওয়া এই চার বার্তা শুধু চল্লিশ পেরোনোদের জন্য নয়, বরং যেকোনো বয়সেই সুখী ও মানসিকভাবে সুস্থ জীবনের জন্য এক দারুণ পথপ্রদর্শক।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *